চতুর্থ ব্লকচেইন অলিম্পিয়াডে সেরাদের সেরা “টিম ফার্মার্স”
চতুর্থ ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৩-এ “প্রফেসর জামিলুর রেজা চৌধুরী” চ্যাম্পিয়শীপ পুরস্কার জিতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র ব্লকচেইন দল “টিম ফার্মার্স”।
অংশগ্রহণকারী ১১৮টি দলের মধ্যে চূড়ান্ত পর্বে প্রতিযোগিতায় স্থান পাওয়া ৪০ দলের মধ্যে এই শীর্ষ পুরস্কার জিতে নেয় দলটি। এই দলের সদস্যরা হলেন, জিতেশ সুরেকা, মুস্তাহিদ হাসান, আহমেদ আদনান, সমুদ্র গুপ্ত, তাসমিয়া জেরিন ও শফিক উস সালেহীন। বিজয়ী হিসেবে তারা পেয়েছে ২ লক্ষ টাকার ডামি চেক।
এছাড়াও প্রতিযোগিতায় অংশ নিয়ে এক লক্ষ টাকার সিলভার পুরস্কার জিতেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের দল- টিম অ্যাপো ক্যালিপ্স; পঞ্চাশ হাজার টাকার ব্রোঞ্জ পুরস্কার জিতেছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনলোজি’র দল “টিম হেক্স” ও পঞ্চাশ হাজার টাকার সেরা প্রোটোটাইপ পুরস্কার জিতেছে সিলেট ক্যাডেট কলেজ'র দল গ্রে ডেভস।

রৌপ্য জয়ী অ্যাপোক্যালিপ্স দলের সদস্যরা হলেন- ইউআইইউ এর সাদিয়া আহমেদ, জিসানুল ইসলাম, শাহিদ হোসেন মুস্তাকিম ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আদিবা তাসনিম আনাম। তাম্র জয়ী টিম হেক্সা দলে রয়েছেন, ইশরার তানজিম, মাহমুদা নাইম, আহসান হাবিব তন্ময়, প্রিয়াঙ্কা মাহেরু, ফারিবা তাবাস্সুম দোলা ও জুবায়ের মাহমুদ আপন।
এছাড়াও বেস্ট প্রোটো টাইপ সম্মাননা জয়ী গ্রে ডেভস দলে আছেন, শাহরিয়ার রহমান নাহিদ ও সামিউল ইসলাম, ঘাগরা সালেম দেবনাথ ও কে এম মাঈনুদ্দোজা।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের (বিসিওএলবিডি) আহ্বায়ক অধ্যাপক ড. কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাবিবুল্লাহ নিয়ামুল করিম। আরো বক্তব্য রাখেন আইসিটি সচিব মোঃ শামসুল আরেফিন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মিঃ রানাজিত কুমার ও সাউথ এশিয়া ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের সিনিয়র বিনিয়োগ কর্মকর্তা মিঃ ইফরাদ চৌধুরী।





